ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, এ বিষয়ে শুক্রবার আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই এই ঘোষণা দেন মোদি। একই দিনে প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছে দিল্লি হাইকোর্ট।
ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর উদ্বেগ ও কষ্টের কারণ। তিনি জানান, গত আড়াই মাসে সরকার এ বিষয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই দ্রুত পরীক্ষার আয়োজন করা হয় এবং সরকারের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
মোদি জানান, ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে আগেই নির্দেশ দিয়েছিলেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলো কঠোর পরিশ্রমের মাধ্যমে গভীর রাতে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। বিষয়টি শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাবটি চূড়ান্ত করা হবে এবং এরপর সোমবার সংসদে যত দ্রুত সম্ভব বিলটি পাসের চেষ্টা করা হবে।
ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণার পাশাপাশি বৃহস্পতিবার রাতে ভারত সরকার দেশটির শিক্ষা সচিব বিনীত যোশিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।
এদিকে সরকারি সূত্র জানিয়েছে, শুক্রবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনকারীরা এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।