বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামের তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। আদালতের জরুরি কার্যক্রম শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়।
পরে বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য আসামিরা হলেন—আবু তাহের দীপ, মো. হাফিজুর রহমান ও মো. শিপন শেখ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত প্রধান আসামি শেখ মুরাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে তদন্ত সংশ্লিষ্টরা।
অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ চারজন গ্রেপ্তার হওয়ায় আইনজীবী মহল ও স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে ঘটনার নেপথ্যের পুরো পরিকল্পনা উন্মোচন করে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।