বাগেরহাটের মোংলা উপজেলায় ৭৮০ গ্রাম গাঁজাসহ মো. ওমর ফারুক (৩৫) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট।
সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মোংলা উপজেলার মিয়াপাড়া বালুরমাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ওমর ফারুক ওই এলাকার আলী হোসেন খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ওমর ফারুকের কাছ থেকে ৭৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে বিষয়টি মোংলা উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওমর ফারুককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে জব্দকৃত ৭৮০ গ্রাম গাঁজা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার কমে আসবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।