সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা একশ পেরিয়েছে। মঙ্গলবার আরও দুই শিশুর মৃত্যুর পর বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশুর একজন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হুসেন মিয়ার সাত মাস বয়সী মেয়ে নুসিবা। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অন্যজন সিলেটের কানাইঘাট উপজেলার উযাছের আহমদের দুই বছর দুই মাস বয়সী মেয়ে রাফসা। তার মৃত্যু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। এ দুই শিশুর মৃত্যুর ফলে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় বিভাগে ৫৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ সময় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে চারজন এবং হামের উপসর্গ নিয়ে ১০১ জনসহ মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।