1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

যেকোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭৬ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। যদিও রাষ্ট্রপতির কার্যালয়, সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, তিনি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন।

আরেকটি সূত্রের দাবি, পদত্যাগপত্র প্রস্তুত রয়েছে এবং আজ শুক্রবার বিকেলে স্পিকারের কাছে তা জমা দেওয়া হতে পারে। একই দিনে নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন, তা নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রগুলোর মতে, দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের কারণে মির্জা ফখরুলকে সম্ভাব্য রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁর ইতিবাচক রাজনৈতিক ভাবমূর্তি এবং বাংলাদেশপন্থী অবস্থান তাঁকে বিভিন্ন মহলে গ্রহণযোগ্য করেছে। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।

তবে সম্ভাব্য প্রার্থীর তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও রয়েছে। পাশাপাশি অরাজনৈতিক ও প্রাজ্ঞ ব্যক্তি হিসেবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহর নামও আলোচনায় এসেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

মন্ত্রিপরিষদের এক প্রভাবশালী সদস্য কালের কণ্ঠকে বলেন, আপাতত মির্জা ফখরুলের নামই বিবেচনায় রয়েছে এবং অন্য কোনো বিকল্প নিয়ে ভাবা হচ্ছে না।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রতি তাঁর বিদেশি যোগাযোগ নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এসব খবরের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং এগুলো নিছক গুজব।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে তাঁর কোনো তথ্য নেই এবং তিনি এসব আলোচনাকে গুজব বলেই মনে করেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। জাতীয় সংসদের সদস্যদের ভোটে অথবা একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনি যেকোনো পরিস্থিতিতে দলের পাশে থাকবেন এবং দেশের প্রয়োজনে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই। তিনি মনে করেন, এ বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ই যথাযথভাবে অবগত।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। তবে সরকার এ বিষয়ে কোনো তথ্য জানে না এবং আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তও হয়নি।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফেরার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। তাঁর রবিবার ফেরার কথা থাকলেও তিনি আজ শুক্রবারই দেশে ফিরছেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক জানান, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে স্বাক্ষরিত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন। এছাড়া ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা চালুর পর থেকে রাষ্ট্রপতি নির্বাচনে মাত্র একবার ভোটগ্রহণ হয়েছে। এরপর প্রতিবারই একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি রাষ্ট্রপতি হিসেবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করেন। বর্তমানে বিএনপির সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত ব্যক্তির রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT