1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

স্বপ্ন নিয়ে ফেরা আগুনে সব স্বপ্ন ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

দীর্ঘ ১১ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে বিয়ে করার স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন ইমরান শেখ। কিন্তু দেশে ফিরে বিয়ের প্রস্তুতি নেওয়ার আগেই দেখতে হলো ভয়াবহ এক বাস্তবতা। দুর্বৃত্তের দেওয়া আগুনে তার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিয়ের জন্য কেনা বিভিন্ন সামগ্রী ভস্মীভূত হয়েছে বলে পরিবারের দাবি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে লোকমান শেখের ছেলে সৌদি প্রবাসী ইমরান শেখ ও তার ভাই রুমান শেখের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না। ইমরানের ছোট ভাই আমিনুর শেখ স্ত্রীকে নিয়ে মোরেলগঞ্জ বাজারে ছিলেন। এ সময় প্রতিবেশীরা মোবাইল ফোনে আগুন লাগার খবর দিলে তিনি দ্রুত বাড়িতে ফিরে দেখেন, ঘরটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

আমিনুর শেখ বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু আগুনে ভস্মীভূত হয়ে যায়। পরিবারের দাবি, নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র এবং ইমরানের বিয়ের জন্য কেনা বিভিন্ন সামগ্রীসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, আগুন লাগার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং বৈদ্যুতিক মিটারও অক্ষত রয়েছে। এ কারণে তাদের ধারণা, বাড়ির পেছনের দিক থেকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে।

আমিনুরের স্ত্রী চাদনী বেগম বলেন, আগুনে সবকিছু হারিয়ে পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে। প্রতিবেশীদের সহায়তায় চলতে হচ্ছে এবং দুই দিন ধরে নিজেদের রান্নাও বন্ধ রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT