1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

হাদি হত্যা মামলার তদন্তে ফের বিলম্ব ১৮ বার পেছাল প্রতিবেদন

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১৮তম বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পরিবর্তন করা হলো। আদালত আগামী ২০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

আদালত সূত্র জানায়, এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

চলতি বছরের ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্রের (চার্জশিট) বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।

এর আগে ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ এ মামলায় অভিযোগপত্র দাখিল করে। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ফয়সাল করিমসহ পাঁচজন এখনও পলাতক রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৩ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ ও নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে যাওয়ার পথে বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শহীদ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT