1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বাহ্রা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্প

বার্তা বিভাগ:
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তি ক্লিনিক ও কোমরগঞ্জ ডেন্টাল কেয়ারের উদ্যোগে বিনামূল্যে চোখ ও দাঁতের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পে মুক্তি ক্লিনিকের পক্ষ থেকে চিকিৎসাসেবা দেন চক্ষু ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. মেজবাহ উদ্দিন। তিনি এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), সহকারী অধ্যাপক এবং ডিও (চক্ষু), জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। এছাড়া মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাবনূর আক্তার সুমী এবং ডিপ্লোমা ডেন্টিস্ট এস এম আসাদ হোসেন চিকিৎসাসেবা দেন।

আয়োজকদের উদ্যোগকে স্বাগত জানিয়ে এক বক্তা বলেন, এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তারা এসব ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান। তিনি ভবিষ্যতেও এ এলাকায় নিয়মিত এমন আয়োজন করার আহ্বান জানান।

অন্য এক বক্তা বলেন, রোগীদের হাসপাতালে বা ক্লিনিকে নিয়ে যাওয়ার পরিবর্তে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া দরকার। রোগীদের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনে চিকিৎসা দিতে পারলে চিকিৎসক ও রোগীর মধ্যে আন্তরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

দন্ত চিকিৎসক ডা. শাবনূর আক্তার সুমী বলেন, শিশুদের পাশাপাশি স্থানীয় কয়েকজনকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে তারা এ ক্যাম্পে অংশ নিয়েছেন। শিশুদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পাওয়া গেছে। সাধারণত দাঁতের চিকিৎসার সময় শিশুরা ভয় পেলেও ক্যাম্পে তারা স্বতঃস্ফূর্তভাবে এসে চিকিৎসা নিয়েছে। অনেক শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে দলবদ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছে বলেও জানান তিনি।

চক্ষু ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ক্যাম্পে রোগীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। আবহাওয়া কিছুটা প্রতিকূল না হলে রোগীর সংখ্যা আরও বাড়ত। ক্যাম্পে ছানি, চোখ দিয়ে পানি পড়া ও দৃষ্টিশক্তি কমে যাওয়াসহ বিভিন্ন সমস্যার রোগীরা চিকিৎসা নিতে আসেন। শিশু থেকে বয়স্ক—সব বয়সের মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও উদ্বেগজনিত সমস্যার রোগীও পাওয়া গেছে বলে জানান তিনি।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ ধরনের ক্যাম্প আয়োজনের মূল লক্ষ্য। বাহ্রা এলাকায় ক্যাম্প আয়োজনের কারণ হিসেবে তারা জানান, আয়োজকদের কয়েকজনের জন্মস্থান এ অঞ্চল। এখান থেকেই কার্যক্রম শুরু করে ভবিষ্যতে নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় মুক্তি ক্লিনিক ও কোমরগঞ্জ ডেন্টাল কেয়ারের সহযোগিতায় নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় বিনামূল্যে চোখ, দাঁতসহ অন্যান্য স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT